পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০২:৫২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন ওড়ানো ও পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সিমার সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. মজিবুর রহমান টোটন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোশতাক আহম্মেদ পিনু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা।
সভায় জেলা মহিলা দল, জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নারী জাগরণের বিষয়টি তুলে ধরেন। তারা বলেন, বিএনপি পরিচালিত বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে মহিলা দল বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সকল ধরনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে নারী অধিকার আদায়ে মহিলা দল সচেষ্ট থাকবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।



























