বিদ্যুৎ সংকটে মন্ত্রীর হাস্যকর যুক্তিতে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার
- আপডেট সময় : ০১:১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান সংকট নিয়ে জাতীয় সংসদে সোমবার এক আলোচনা অনুষ্ঠিত হয়। কার্যপ্রণালি-বিধির ৬৮ বিধির আওতায় এই আলোচনা শেষে ডেপুটি স্পিকার কায়সার কামাল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের বক্তব্যের ধরনে অসন্তোষ প্রকাশ করেন।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। তার বক্তব্য শেষ হওয়ার পর ডেপুটি স্পিকার বলেন, জাতীয় স্বার্থ বিবেচনায় প্রতিমন্ত্রীকে আলোচনায় পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে।
এ সময় কায়সার কামাল বলেন, “যেকোনো পাবলিক মিটিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে যখন কথা উঠে, তখন প্রধানমন্ত্রীকে দেখি অ্যাকনলেজ করে সাবমিসিভ ওয়েতে দুঃখ প্রকাশ করতে।” তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরার জন্য প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান জানান। ডেপুটি স্পিকার বলেন, “আমরা হাম্বল রিকোয়েস্ট করব, জাতির সামনে যদি প্রকাশ করেন এবং ক্লিয়ার রাখেন, তাহলে ভালো হয় এই জিনিসটা।”
প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীর বক্তব্যের মধ্যে পার্থক্যের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই জিনিসটাকে অ্যাড্রেস করেন সাবমিসিভ ওয়েতে, অ্যাকনলেজ করেন, দুঃখ প্রকাশ করেন, মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা, এই কারণে বিদ্যুৎ চলে যায়।”
এই মন্তব্যের পরই ডেপুটি স্পিকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সংসদের ওই দিনের আলোচনা সমাপ্ত ঘোষণা করেন।




























