প্রেমের টানে সখীপুরে চীনা যুবক, ভিসার মেয়াদ কম থাকায় ফেরত পাঠাল পরিবার
- আপডেট সময় : ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

অনলাইনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে ছুটে এসেছিলেন দং লিয়াং নামের এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণ করে সখীপুরের ২৫ বছর বয়সী এক তরুণীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে ভিসার মেয়াদ কম থাকায় এবং প্রতারণার শিকার হওয়ার আশঙ্কায় ওই যুবককে ফিরিয়ে দিয়েছে তরুণীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকা থেকে সখীপুর বাজারে এসে পৌঁছান দং লিয়াং। খবর পেয়ে ওই তরুণী সখীপুর বাজারে গিয়ে তাঁকে স্বাগত জানান এবং নিজের বাড়িতে নিয়ে যান। এলাকায় চীনা যুবকের আসার খবর ছড়িয়ে পড়লে উৎসুক স্থানীয় লোকজন তাঁকে দেখতে ওই বাড়িতে ভিড় জমান। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রায় তিন মাস আগে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে সখীপুরের ওই তরুণীর সঙ্গে চীনা নাগরিক দং লিয়াংয়ের পরিচয় হয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই বিয়ে করার উদ্দেশ্যে সখীপুরে আসেন ওই যুবক। তবে মেয়েটি কোনো ধরনের প্রতারণার শিকার হতে পারেন—এমন আশঙ্কা থেকে স্থানীয় লোকজন উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। বিষয়টি সখীপুর থানা-পুলিশকেও অবহিত করা হয়। পরে মধ্যরাতে একটি গাড়ি ভাড়া করে দং লিয়াংকে ঢাকার চীনা দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে তরুণীর নানা জানান, ওই চীনা নাগরিকের ভিসার মেয়াদ রয়েছে মাত্র ৯ দিন। এত অল্প সময়ের মধ্যে তাঁর নাতনিকে বিয়ে করে চীনে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাছাড়া চীন সেজে অনেক মেয়েকে বিয়ে করে প্রতারণা ও মানব পাচারের মতো ঘটনা ঘটছে। এসব বিষয় বিবেচনা করে তাঁরা ওই চীনা নাগরিককে নিজের দেশে ফিরে গিয়ে নাতনির জন্য ভিসার ব্যবস্থা করতে বলেছেন। প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণ নিয়ে আবার সখীপুরে এলে তাঁরা বিয়ের বিষয়টি বিবেচনা করবেন। তবে ওই যুবক আর ফিরে আসবেন না বলেই ধারণা করছেন তাঁরা।
অবশ্য দং লিয়াং জানিয়েছেন, তিনি ভিসার মেয়াদ বাড়িয়ে খুব শিগগিরই বাংলাদেশে ফিরে আসবেন এবং ধর্মীয় রীতি মেনে ওই তরুণীকে বিয়ে করবেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, মেয়েটি যেন কোনো প্রতারণার শিকার না হন, সে জন্য স্থানীয় লোকজন কথা বলে দিবাগত রাত ১২টার দিকে ওই যুবককে চীনা দূতাবাসে পাঠিয়ে দিয়েছেন। বিষয়টি স্থানীয় বাসিন্দারা পুলিশকে অবহিত করেছেন।


























