বার্সেলোনার নতুন মৌসুমে ৫ অধিনায়কের দায়িত্ব ঘোষণা
- আপডেট সময় : ০১:৪০:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে বার্সেলোনা তাদের পাঁচ সদস্যের অধিনায়ক দল নির্ধারণ করেছে। কাতালান ক্লাবটির নেতৃত্বের দায়িত্বে থাকা এই পাঁচজন হলেন রাফিনিয়া, পেদ্রি, এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিন ইয়ামাল।
মৌসুম শুরুর আগে কোচ হ্যান্সি ফ্লিকের পছন্দের ভিত্তিতে রাফিনিয়া, পেদ্রি ও এরিক গার্সিয়াকে অধিনায়কের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে দলের খেলোয়াড়দের সরাসরি ভোটে ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিন ইয়ামাল এই তালিকায় যুক্ত হন। দায়িত্বের ক্রমানুসারে রাফিনিয়া প্রথম পছন্দ হিসেবে নেতৃত্ব দেবেন। এরপর যথাক্রমে দ্বিতীয় থেকে পঞ্চম দায়িত্বে রয়েছেন পেদ্রি, এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিন ইয়ামাল।
অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে খেলোয়াড়দের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, ড্রেসিংরুমে তাদের প্রভাব এবং অভিজ্ঞতার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হয়েছে। তবে এই তালিকায় ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামালের নাম থাকাটা সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। ইয়ামালের এই অন্তর্ভুক্তি বার্সেলোনার দীর্ঘমেয়াদি পরিকল্পনারই ইঙ্গিত দিচ্ছে, যেখানে তাকে ক্লাবের ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী রোববার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।





























