শাহজালালে বিমানের কর্মীর বেল্ট থেকে ২৫ কোটি টাকার সোনা উদ্ধার
- আপডেট সময় : ০১:০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে ২৫ কোটি টাকা মূল্যের ১২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। ঢাকা কাস্টম হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার একটি যৌথ দল বিশেষ অভিযান চালিয়ে এই সোনা জব্দ করে। উদ্ধারকৃত সোনার মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি।
শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এনবিআর জানায়, এদিন বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তা ও প্রিভেন্টিভ টিম জানতে পারে যে, দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে সোনা চোরাচালান করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বিমানটিতে বিশেষ তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বিমানের মেকানিক্যাল ও ক্লিনিং দলের সদস্যরা কাজ শেষ করে নামার সময় তাঁদের ওপর নজরদারি বাড়ানো হয়। এ সময় বিমানের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীকে তল্লাশি করা হলে তাঁর পরিহিত বেল্টের ভেতর কালো স্কচটেপে মোড়ানো কয়েকটি সন্দেহজনক বস্তু পাওয়া যায়। পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে সেগুলো খুলে ১২০টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম।
কাস্টমস কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, সোয়েব গাজী শুল্ক ও কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে এই সোনার বারগুলো দেশে নিয়ে এসেছিলেন এবং বিমানবন্দর এলাকার বাইরে এগুলো পাচারের পরিকল্পনা ছিল তাঁর। জব্দ করা এই মূল্যবান ধাতু আপাতত বিমানবন্দর কাস্টমসের গুদামে রাখা হয়েছে। স্থায়ী আদেশ অনুযায়ী এগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এনবিআর।



























