বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে
- আপডেট সময় : ০৯:২৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের ঝুঁকি ও উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৩ সেন্ট বা দশমিক ৪৫ শতাংশ কমে ৯৫ দশমিক ২০ ডলারে নেমে এসেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা দশমিক ২৬ শতাংশ হ্রাস পেয়ে ৯০ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের ঝুঁকি এখনো বিদ্যমান। এই সংঘাত আরও ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ব্যাহত হতে পারে, এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছেন।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের আবহে হরমুজ প্রণালি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে নিজের নামে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, তাই এই প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ করা উচিত কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করা যেতে পারে।


























