সৌদি আরবে বাংলাদেশিদের ই-পাসপোর্ট ভোগান্তি দ্রুত কমবে: রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০৮:৪৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি দ্রুতই দূর হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
মঙ্গলবার রিয়াদে বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাষ্ট্রদূত জানান, সৌদি আরবে প্রায় দেড় মাস ধরে ই-পাসপোর্ট সেবা চালু রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ই-পাসপোর্টের চাহিদা অপ্রত্যাশিতভাবে অনেক বেড়ে যাওয়ায় সাময়িকভাবে প্রবাসীদের কিছু ভোগান্তি পোহাতে হয়েছে।
এই পরিস্থিতি সামাল দিতে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ দূতাবাসের জনবল বাড়ানোর পাশাপাশি সেবার পরিধিও সম্প্রসারণ করা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত। তিনি উল্লেখ করেন, বর্তমানে ই-পাসপোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং প্রবাসীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে দূতাবাসের কর্মকর্তারা প্রতিদিন ২০ থেকে ২২ ঘণ্টা পর্যন্ত কাজ করে যাচ্ছেন।
মোহাম্মদ দেলোয়ার হোসেন আরও জানান, এ পর্যন্ত জমা পড়া ই-পাসপোর্ট আবেদনের প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট আবেদনগুলোর কাজও দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে। এই সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও সফল করতে তিনি সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন।





























