সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটিতে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ
- আপডেট সময় : ০৮:৫৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (কেএইউএসটি) ছয় সপ্তাহের একটি মাইক্রোইলেকট্রনিকস উইন্টার ক্যাম্পের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত এই আন্তর্জাতিক কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও সাম্প্রতিক স্নাতকেরা অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগামী ৪ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত এই ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। নির্বাচিতরা কেএইউএসটি ক্যাম্পাসে থেকে আধুনিক মাইক্রোইলেকট্রনিকস বিষয়ে বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন।
এই ক্যাম্পে আবেদন করতে পারবেন সাম্প্রতিক স্নাতক, স্নাতকের শেষ পর্যায়ের শিক্ষার্থী এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা। আবেদনের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা বা ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়া আবেদনকারীদের ৪-এর স্কেলে কমপক্ষে ৩.৫ সিজিপিএ থাকতে হবে এবং ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে।
সম্পূর্ণ অর্থায়িত এই কর্মসূচিতে নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে জীবনযাত্রার খরচ মেটাতে মাসিক স্টাইপেন্ড, ক্যাম্পাসে বিনা মূল্যে থাকার ব্যবস্থা, ভিসা ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং অত্যাধুনিক গবেষণাগার ও গবেষণা সরঞ্জাম ব্যবহারের সুযোগ।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে আবেদনপত্র, সিভি, ইংরেজিতে অফিসিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সৌদি আরবের বাইরে থাকা আবেদনকারীদের পাসপোর্টের কপি। আবেদন করার শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।




























