মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশী আটক
- আপডেট সময় : ০৬:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চারজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাংঙ্গা বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ টহল পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬/২৯ এস-এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে হুদপারা মাঠের একটি মেহগনি বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং দুইজন তৃতীয় লিঙ্গের নারী রয়েছেন। বিজিবির দাবি, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
আটককৃত চারজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটক নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। এছাড়া প্রাপ্তবয়স্ক পুরুষ আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে।





























