গুরুদাসপুরে সারের নীতি না মানায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০১:২২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

নাটোরের গুরুদাসপুরে সারের নীতিমালা অমান্য করে ব্যবসা করার দায়ে মেসার্স মিজান ট্রেডার্স নামের এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার নাজিরপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গুরুদাসপুরের সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম।
অভিযান চলাকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. তানভীর রানা। এছাড়া থানা-পুলিশের একটি দল এবং স্থানীয় ভূমি অফিসের কর্মীরাও অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম জানান, কৃষকেরা যাতে ন্যায্য মূল্যে সার ক্রয় করতে পারেন এবং সারের বাজারে স্বাভাবিক শৃঙ্খলা বজায় থাকে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। তিনি আরও সতর্ক করে দেন যে, সারের নীতিমালা অমান্য করে কোনো ধরনের অনিয়ম করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনের এই তদারকি অভিযান অব্যাহত থাকবে।





























