বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নিয়মে নতুন নির্দেশনা
- আপডেট সময় : ১২:৩০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব পরিচালনা ও নতুন হিসাব খোলার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এই নির্দেশনা অনুযায়ী, 'এ-৩' ভিসা ক্যাটাগরি বা অন্য কোনো কর্মসংস্থান ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে তাদের ওয়ার্ক পারমিট হালনাগাদ আছে কি না, তা নিশ্চিত করা বাধ্যতামূলক। বৈধ ওয়ার্ক পারমিট থাকার শর্তে প্রচলিত 'কেওয়াইসি' (KYC) বিধি পরিপালন সাপেক্ষে ব্যাংকগুলো তাদের হিসাব খোলার কার্যক্রম পরিচালনা করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন ও ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণ করা প্রয়োজন। এই লক্ষ্যে 'এ-৩' এবং অন্যান্য কর্মসংস্থান ভিসা ক্যাটাগরির আওতায় থাকা নাগরিকদের বেতন-ভাতাদি ব্যাংকিং চ্যানেলে গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে। যেসব বিদেশি নাগরিক বাংলাদেশে কর্মরত, তাদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছ থেকে ওয়ার্ক পারমিট নিতে হয় এবং নির্ধারিত মেয়াদ শেষ হলে তা নবায়নও করতে হয়।
এর আগে গত ২৯ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি পরিপত্রের সূত্র উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ওয়ার্ক পারমিটে অনেক সময় ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের শর্ত উল্লেখ থাকে। তাই বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কোনো বিদেশি নাগরিককে ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।





























