সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
- আপডেট সময় : ১২:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মঙ্গলবার (১৮ আগস্ট) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের সই করা একটি চিঠি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে চিঠিটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (এনসিবি)-কেও পাঠানো হয়েছে, যাতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের নিয়ম অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো অভিযান এবং পরের দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবর্ষণের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি করা হয়। তৎকালীন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক এবং পরবর্তীতে সেনাপ্রধান হওয়া জেনারেল আজিজ আহমেদ এই মামলার অন্যতম আসামি।
চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মামলায় কোনো পলাতক আসামিকে বিদেশ থেকে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়ার এটিই প্রথম উদ্যোগ। তিনি বলেন, আমরা জানতে পেরেছি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ বর্তমানে মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে পালিয়ে আছেন। ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে বলে আমরা আশা করছি। এছাড়া এই মামলার অন্যান্য পলাতক আসামিদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে, গত ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। আদালত ওই দিনই মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং অন্য মামলায় গ্রেফতার থাকা আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।

























