অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৬:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের অগ্রণী ব্যাংক পিএলসির লালদীঘি (পূর্ব) করপোরেট শাখার ভল্ট থেকে ধাপে ধাপে ৪ কোটি ৩৮ লাখ টাকা সরিয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই জালিয়াতির ঘটনায় গত সোমবার ব্যাংকের শাখার মহাব্যবস্থাপক মোস্তাক আহমেদ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। একই দিনে পুলিশ শাখার ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন এবং জাফরুল্লাহ তানভীর নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা গেছে, ভল্টের দায়িত্বে থাকা কামরুল হোসেন অত্যন্ত কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন। তিনি ভল্টে রাখা এক হাজার টাকার নোটের বড় বান্ডিলের ওপরের দিকে এক হাজার টাকার নোট রাখতেন, কিন্তু ভেতরে ১০০ টাকা বা তার চেয়ে কম মূল্যমানের ছোট নোট ঢুকিয়ে বান্ডিল সাজিয়ে রাখতেন। ফলে বাইরে থেকে দেখে মনে হতো, পুরো বান্ডিলই এক হাজার টাকার নোটে পূর্ণ।
গত ৯ আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম শেষে নগদ অর্থের হিসাব মেলাতে গিয়ে ভল্টে টাকার গরমিল ধরা পড়ে। রেকর্ডপত্র যাচাই করে দেখা যায়, ভল্টে যে পরিমাণ টাকা থাকার কথা, বাস্তবে ৪ কোটি ৩৮ লাখ টাকা কম রয়েছে। কামরুল হোসেন এ বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে কামরুল হোসেন স্বীকার করেছেন যে, এভাবে সরানো টাকা দিয়ে ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল। হাটহাজারীর উত্তর বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত অ্যাগ্রো’ নামে একটি গরুর খামার গড়ে তোলা হয়, যা দেখাশোনার দায়িত্বে ছিলেন জাফরুল্লাহ তানভীর। ওই খামারে বর্তমানে ৫০ থেকে ৬০টি গরু রয়েছে বলে জানা গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ তাদের কাছ থেকে দুটি মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের তথ্যসহ ৬৪ জিবির একটি পেনড্রাইভ জব্দ করেছে। জালিয়াতির সাথে আরও কেউ জড়িত কি না এবং আত্মসাৎ করা অর্থের কতটুকু উদ্ধার করা সম্ভব, তা নিয়ে তদন্ত চলমান রয়েছে।





























