কটিয়াদীতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্ত
- আপডেট সময় : ০১:৫৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার একটি পুকুর থেকে পল্টু মিয়া (৫৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সদর ভোগপাড়া দাখিল মাদরাসা সংলগ্ন পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহত পল্টু মিয়া পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর এলাকার মৃত আসন আলীর ছেলে। খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সময় পুকুর পাড়ে একটি বাজারের ব্যাগে কাপড়চোপড় পাওয়া গেছে। তবে ওই ব্যক্তি কীভাবে বা কখন পুকুর পর্যন্ত এসেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


























