শারীরিক অসুস্থতা নিয়ে ফের যুক্তরাজ্যে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন
- আপডেট সময় : ০৩:৪৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চন চিকিৎসার প্রয়োজনে ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন। তবে দেশে ফেরার পরও তার শারীরিক অবস্থার পুরোপুরি স্বাভাবিকতা ফিরে আসেনি। চিকিৎসার পরবর্তী ধাপ সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১২ আগস্ট তিনি আবারও যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
গত বছরের এপ্রিল মাসে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর থেকে ইলিয়াস কাঞ্চন লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। গত বছরের আগস্ট মাসে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরোটা সরানো সম্ভব হয়নি। পরবর্তীতে তাকে ব্রেন ক্যানসারে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। এরপর দীর্ঘ সময় ধরে তাকে প্রায় ১০০টি কেমো ও রেডিওথেরাপি দেওয়া হয়েছে।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের সহসভাপতি লিটন এরশাদ জানিয়েছেন, দেশে ফেরার পর ইলিয়াস কাঞ্চনের শারীরিক ও মানসিক অবস্থায় আগের মতো স্বাভাবিকতা নেই। অনেক পরিচিত মানুষকে চিনতে পারলেও অনেককে তিনি চিনতে পারছেন না এবং অনেক কিছু মনে রাখতেও তার সমস্যা হচ্ছে। লিটন এরশাদ বলেন, তার চলাফেরার মধ্যে আর সেই স্বাভাবিক ব্যাপারটি নেই। তবে চিকিৎসার ইতিবাচক ফল হিসেবে টিউমারের আকার অনেকটাই ছোট হয়ে এসেছে। কেমো ও রেডিওথেরাপি শেষ হওয়ায় এখন চিকিৎসার পরবর্তী ধাপে সিটি স্ক্যান ও এমআরআই করানো হবে।
সম্প্রতি রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত নিরাপদ সড়ক চাই আন্দোলনের ১১তম মহাসমাবেশে ইলিয়াস কাঞ্চন উপস্থিত ছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, ৩৩ বছর আগে ব্যক্তিগত জীবনের এক গভীর বেদনা থেকে যে আন্দোলনের সূচনা করেছিলেন, তা এখন আর তার একার নয়, বরং এটি বাংলাদেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।





























