সুনামগঞ্জ শহরের ব্যস্ত সড়কে বিদ্যুতের খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা
- আপডেট সময় : ১০:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ পৌর শহরের অত্যন্ত ব্যস্ততম ডি এস রোডের ষোলঘর এলাকায় সড়কের মাঝখানে চারটি বিদ্যুতের খুঁটি ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক প্রশস্ত করার সময় খুঁটিগুলো না সরিয়ে মাঝখানে রেখে দেওয়া হয়েছে, যার ফলে গত দেড় বছরে সেখানে অন্তত শতাধিক ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে।
সড়কের মাঝখানে থাকা এই খুঁটিগুলোর কারণে যানবাহন চলাচলে প্রতিদিনই চরম ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনের খুঁটিটি সবচেয়ে বেশি দুর্ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় রিকশা ও অটোরিকশাচালকরা জানিয়েছেন, হঠাৎ সড়কের মাঝখানে খুঁটি থাকায় অনেক সময় চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে যানবাহনের ক্ষয়ক্ষতির পাশাপাশি যাত্রীদের জীবনও ঝুঁকির মুখে পড়ছে। কয়েক দিন আগেও সেখানে একাধিক যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার নেতারা জানান, বিষয়টি নিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেছেন। তবে বিদ্যুৎ বিভাগ ও সুনামগঞ্জ পৌরসভা একে অপরের ওপর দায় চাপিয়ে সমস্যার সমাধান এড়িয়ে যাচ্ছে।
এ বিষয়ে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, খুঁটিগুলো অপসারণের জন্য বিদ্যুৎ বিভাগকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তবে খরচ-সংক্রান্ত জটিলতার কারণে কাজটি এখনো সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে তিনি খুঁটি সরানোর বিষয়ে আশ্বস্ত করেছেন। অন্যদিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ জানিয়েছেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া মাত্রই জনস্বার্থে দ্রুত খুঁটিগুলো অপসারণ করা হবে।


























