শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা জারি

- আপডেট সময় : ০৪:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে শব্দদূষণের ক্ষতিকর প্রভাবের কথা উল্লেখ করে সাধারণ মানুষকে নির্দিষ্ট বিধিমালা ও নিষেধাজ্ঞাগুলো মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
নতুন বিধিমালার আওতায় নীরব এলাকায় সর্বোচ্চ ৫০ ডেসিবেল এবং মিশ্র এলাকায় সর্বোচ্চ ৭৫ ডেসিবেল শব্দমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। উচ্চ শব্দ সৃষ্টিকারী কোনো যন্ত্র বা কর্মকাণ্ডের মাধ্যমে এই মাত্রা অতিক্রম করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো পারিবারিক অনুষ্ঠান বা সমাবেশে সাউন্ড সিস্টেম ব্যবহারের জন্য কর্তৃপক্ষের লিখিত অনুমতির প্রয়োজন হবে। অনুমতির ক্ষেত্রেও শব্দমাত্রা ৯০ ডেসিবেলের বেশি হতে পারবে না এবং ব্যবহারের সময় ৫ ঘণ্টার বেশি হওয়া যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত শব্দমাত্রা লঙ্ঘনকারী যেকোনো হর্নের উৎপাদন, আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নীরব এলাকায় হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো যাবে না। এছাড়া পটকা, আতশবাজি বা শব্দ সৃষ্টিকারী অন্যান্য কার্যক্রম এবং প্রাকৃতিক বনাঞ্চলে বেলুন ফোটানো নিষিদ্ধ করা হয়েছে। আবাসিক এলাকার ৫০০ মিটারের মধ্যে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত নির্মাণকাজের শব্দ সৃষ্টিকারী যন্ত্রপাতি চালানো যাবে না। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ রোধে দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করা হবে।
























