ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের ৪৫ শীর্ষ ব্যবসায়ী

- আপডেট সময় : ০৬:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। এই প্রতিনিধি দলে প্রায় ৪৫ জন ব্যবসায়ী নেতা ও প্রথম সারির কর্মকর্তা রয়েছেন। শনিবার বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র জানান, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের লক্ষ্যেই এই সফরের আয়োজন করা হয়েছে। সফরকালে মার্কিন প্রতিনিধি দলটি বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর সাক্ষাৎ করেন। সাক্ষাতের বিষয়বস্তু তুলে ধরে মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসা এবং গত পাঁচ মাসে রাষ্ট্র পরিচালনায় নেওয়া নীতিগুলোর ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের বহুমাত্রিক সম্পর্ককে আরও গভীর অর্থনৈতিক সম্পর্কে রূপান্তরের উপায় নিয়েও আলোচনা হয়েছে।
মাহদী আমিন আরও বলেন, মার্কিন কোম্পানিগুলো কীভাবে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে এবং বাংলাদেশ সরকার তাদের কী ধরনের নীতি সহায়তা দিতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া রপ্তানি ও আমদানি বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বের ওপর বিশ্বব্যাপী আস্থার প্রতিফলন হিসেবেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশ ভ্রমণ সর্তকতা শিথিল করার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং সহকারি প্রেস সচিব নাজমুল হক। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলের বৈঠকের কথাও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

























