এক বছর পর আবারও চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট
- আপডেট সময় : ০৭:৩৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে। রোববার দিবাগত রাত (২৭ জুলাই) ২টা ২৫ মিনিটে ঢাকা থেকে জাপানের নারিতার উদ্দেশে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায়। এই রুটটি পুনরায় চালু হওয়ায় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
একটি সংবাদ সম্মেলনে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই ফ্লাইটের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এই রুটটি আর কোনোভাবেই বন্ধ করা হবে না। এবার রুটটি লাভজনক হবে বলে বিমান কর্তৃপক্ষ আশাবাদী। ইতোমধ্যে উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি এবং পরবর্তী ফ্লাইটগুলোর টিকিট বুকিংও সম্পন্ন হয়ে গেছে।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে উড়োজাহাজের কিছুটা সংকট থাকলেও ২০৩৪ সালের মধ্যে বিমানের বহরে মোট ৫০টি নতুন উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে ১৪টি বোয়িং কেনার চুক্তি সই হয়েছে এবং ১০টি এয়ারবাস কেনা হবে। এছাড়া আরও ১০টি এয়ারক্রাফট লিজ বা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। লিজ নেওয়া এয়ারক্রাফটগুলো বহরে যুক্ত হলে এই রুটে ফ্লাইটের সংখ্যা আরও বাড়িয়ে দেওয়া হবে।
এম রশিদুজ্জামান মিল্লাত আরও স্পষ্ট করেন যে, ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইটটি আগে লোকসানের কারণে বন্ধ হয়নি, বরং লাভজনক থাকা অবস্থাতেই বন্ধ করা হয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সামগ্রিক বিষয় পর্যালোচনা করে এটি পুনরায় চালু করেছে এবং এবারও এটি লাভজনক হবে।
এর আগে, বিভিন্ন অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণ দেখিয়ে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছিল।



























