কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরল ৮ জন
- আপডেট সময় : ১১:২৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি ও বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে ওই ব্যক্তিরা নদীপথে সাঁতরে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকার জয়পুর বিওপির সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে আটজন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিলেন। বিজিবির টহলদল তাৎক্ষণিকভাবে বিষয়টি শনাক্ত করে সীমান্তে অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে নদীপথে ভারতের দিকে ফিরে যান। পুশইনের চেষ্টা করা এই আটজনের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী এবং দুজন ট্রান্সজেন্ডার (হিজড়া) ব্যক্তি ছিলেন।
৪৭ বিজিবির অধিনায়ক আরও উল্লেখ করেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সাম্প্রতিক সময়ে পুশইনের একাধিক ঘটনা ঘটেছে। চলতি জুন মাসে ৪৭ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিএসএফের পক্ষ থেকে বেশ কয়েকবার বাংলাদেশে জোরপূর্বক মানুষ প্রবেশ করানোর চেষ্টা করা হয়। এর আগে গত ১২ জুন নারী ও শিশুসহ ১২ জনকে প্রাগপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করা হলে স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধার মুখে তারা ফিরে যায়। একই রাতে বিলগাতুয়া ও জয়পুর সীমান্ত দিয়েও আরও ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয়েছিল। এছাড়া ১৪ জুন চল্লিশপাড়া সীমান্ত দিয়ে একজন এবং ২৫ জুন মুন্সিগঞ্জ ঘাট সীমান্ত দিয়ে আরও একজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা বিজিবির সতর্ক অবস্থানের কারণে ব্যর্থ হয়।
সাম্প্রতিক এসব পুশইনের ঘটনার পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। বাংলাদেশ-ভারত সীমান্তে এ ধরনের ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে উদ্বেগ ও আলোচনা বাড়ছে। নাগরিকত্ব যাচাই এবং আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে সীমান্ত দিয়ে মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা নিয়ে বাংলাদেশে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।


























