দেশের বাজারে সোনার গহনার দাম কমালো বাজুস
- আপডেট সময় : ০১:০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

দেশের বাজারে সোনার গহনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম হ্রাসের পরিপ্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে নতুন নির্ধারিত এই দাম কার্যকর হয়েছে। এর আগে গত ১০ জুলাই ভালো মানের সোনার দাম বাড়ানো হয়েছিল, যার তিনদিনের মাথায় দাম কমানোর এই ঘোষণা এলো।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দর সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সোমবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত আগের দামেই গহনা বিক্রি হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার গহনার দামও সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গহনার দাম ৫৮ টাকা কমিয়ে ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই প্রতিটি দাম ভ্যাটসহ প্রযোজ্য হবে।



























