থাইল্যান্ডের ব্যাংককে নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭
- আপডেট সময় : ১০:৩৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি নৈশক্লাবে রোববার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত প্রায় ১২টার দিকে উত্তর ব্যাংককের না লাদপ্রাও এলাকার ওই পাবে আগুনের সূত্রপাত হয়। অগ্নিনির্বাপণ বাহিনীর প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া অন্তত ৬৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট। হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কিনা, তা এখনো জানা যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল। প্রাথমিক তদন্তে আগুনের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও, প্রত্যক্ষদর্শী এক সংগীতশিল্পীর বয়ান অনুযায়ী, বিদ্যুৎ বিভ্রাটের ঠিক আগে মঞ্চের পাশের একটি সার্কিট ব্রেকার থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছিল। এরপরই একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যে পুরো বার ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। অগ্নিনির্বাপণ কর্মীরা জানিয়েছেন, বারের প্রবেশপথটি দ্রুত ধোঁয়ায় গ্রাস করে নেওয়ায় উপস্থিত লোকজন আটকা পড়েন। এছাড়া জরুরি নির্গমন পথটি বাধাগ্রস্ত ছিল বলে ধারণা করা হচ্ছে, যার ফলে অনেকেই বের হতে পারেননি। শৌচাগারের কাছেও বেশ কয়েকজনের মরদেহ পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বারটিতে দাউদাউ করে আগুন জ্বলছে এবং প্রবেশপথ দিয়ে ঘন ধোঁয়া বেরিয়ে আসছে। গায়িকা সুকানিয়া ওয়ংওংওয়াই জানান, তার ব্যান্ডের সদস্যরা সেখানে পরিবেশনার দায়িত্বে ছিলেন। তিনি জানান, আগুন লাগার পর সবকিছু অন্ধকার হয়ে যায় এবং ধোঁয়ায় চারপাশ ভরে যাওয়ায় কেউ কাউকে খুঁজে পাচ্ছিল না। তার ব্যান্ডের একজন সদস্য এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন, তিনজন হাসপাতালে চিকিৎসাধীন এবং একজন এখনো নিখোঁজ। কর্তৃপক্ষ বর্তমানে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করছে এবং অগ্নি-নিরাপত্তা বিধি লঙ্ঘনের কোনো ঘটনা এ ঘটনার পেছনে দায়ী কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।





























