দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: চিফ প্রসিকিউটর
- আপডেট সময় : ১১:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম স্পষ্ট জানিয়েছেন যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। রোববার (১২ জুলাই) ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণে রয়েছেন। তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তবে অবশ্যই দুই দেশের বিদ্যমান কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, দেশে পা রাখার সঙ্গে সঙ্গেই শেখ হাসিনাকে প্রচলিত আইন অনুযায়ী গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। মামলার অগ্রগতির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার তদন্ত সম্পন্ন হয়েছে। আগামী ২১ জুলাই এই মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।
এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রধান ১০টি মামলার তদন্তও এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই প্রতিবেদনগুলোও খুব দ্রুত ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদ আমিনুল ইসলাম।





























