বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
- আপডেট সময় : ০৯:৪৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপে রদ্রিগো ও এস্তেভাওয়ের মতো তারকাদের ছাড়াই মাঠে নেমেছিল ব্রাজিল। দলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে অন্যতম প্রধান ভরসা ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্যক্তিগত নৈপুণ্যে তিনি প্রত্যাশা পূরণও করেছিলেন; আসরে পাঁচ ম্যাচ খেলে চার গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন এই ফরোয়ার্ড। কিন্তু ভিনিসিয়ুসের উজ্জ্বল পারফরম্যান্সও শেষ পর্যন্ত ব্রাজিলকে শেষ ষোলোর বাধা টপকাতে সাহায্য করতে পারেনি। নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এর ফলে ২০০২ সালের পর থেকে ব্রাজিলের বিশ্বকাপ শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো।
দলের এমন ব্যর্থতায় ভীষণ হতাশ ভিনিসিয়ুস। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছেন। প্রায় চার বছর পর আবারও বিশ্বকাপ থেকে বিদায়ের তীব্র যন্ত্রণার কথা উল্লেখ করে ভিনিসিয়ুস লিখেছেন, এই মুহূর্তে কী বলব, সেই ভাষা খুঁজে পাচ্ছি না। তিনি আরও বলেন, আমি দেখেছি বিভিন্ন বয়সের অসংখ্য মানুষ আমাদের সমর্থন জুগিয়েছে এবং আমাদের স্বপ্নকে নিজেদের স্বপ্ন হিসেবে বুকে ধারণ করেছে। তাই এই মুহূর্তে সম্পূর্ণ নীরব থাকাটা ঠিক হবে না।
ভক্তদের প্রত্যাশা পূরণ করতে না পারার আক্ষেপ প্রকাশ করে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানান, টুর্নামেন্টের জন্য তিনি কতটা কঠোর পরিশ্রম ও মনোযোগ দিয়েছিলেন। তিনি বলেন, আপনাদের জন্য এবং আমার পরিবারের জন্য এই সাফল্য কতটা চেয়েছিলাম, তা ভাষায় বোঝানো কঠিন। তবে হতাশ হলেও ভবিষ্যতের জন্য আশাবাদী ভিনিসিয়ুস। তিনি মনে করেন, তাদের দল যথেষ্ট শক্তিশালী ছিল এবং আরও দূর যাওয়ার সামর্থ্য ছিল। পরিশেষে সবার কাছে ক্ষমা চেয়ে ভিনিসিয়ুস প্রতিশ্রুতি দিয়েছেন যে, বিশ্ব ফুটবলের শীর্ষে ফেরার লড়াই তারা চালিয়ে যাবেন।
























