ডিএমপির উদ্যোগে গুলশানে হেলমেট ভাঙ্গার ব্যতিক্রমী কর্মসূচি
- আপডেট সময় : ০৮:০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১১১ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু
রাজধানী ঢাকা সড়কে নিরাপত্তা নিশ্চিত করা ও প্রাণহানি কমানোর লক্ষ্যে ব্যতিক্রমী ১ সচেতনতা মূলক কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।
৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে গুলশান-২ এলাকায় নিম্নমানের ও অনুমোদনহীন প্লাস্টিক হেলমেট বর্জন ও ভাঙ্গার মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ট্রাফিক পুলিশ জানায়, অনেক মোটরসাইকেল চালক ও আরোহী জরিমানা এড়াতে সস্তা ও নিম্নমানের হেলমেট ব্যবহার করেন, কিন্তু এসব হেলমেট দুর্ঘটনার সময় মাথাকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়, বরং ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।
ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মিজানুর রহমান বলেন, বাজারে প্রচলিত কমদামি প্লাস্টিকের হেলমেট গুলো দুর্ঘটনায় কার্যকর সুরক্ষা দিতে পারে না, তাই জীবন রক্ষায় বিআরটিএ অনুমোদিত মানসম্মত হেলমেট ব্যবহারের বিকল্প নেই।
কর্মসূচি চলাকালে গুলশান-২ সংলগ্ন ফিডার রোডে মোটরসাইকেল থামিয়ে চালকদের নিম্নমানের হেলমেটের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়, পরে চালকেরা নিজেরাই তাদের অনিরাপদ হেলমেট ভাঙ্গে ভবিষ্যতে মানসম্মত হেলমেট ব্যবহারের প্রতিশ্রুতি দেন।
ট্রাফিক পুলিশের মতে, এটি শুধু প্রতীকী উদ্যোগ নয়, বরং নিরাপদ সড়ক গড়ার গুরুত্বপূর্ণ বার্তা, নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে সঠিক হেলমেট ব্যবহার এখন সময়ের দাবি।
ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সচেতনতা মূলক কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।





























