নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি
- আপডেট সময় : ০২:৩৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন। নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) আসন্ন আসরে তাকে দেখা যাবে কর্ণালি ইয়াকসের জার্সিতে। এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে নেওয়ার বিষয়টি বেশ অভিনব উপায়ে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তারা সরাসরি কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুব বিশ্বকাপের ট্রফির সঙ্গে উইকেটকিপিং ও ব্যাটিং সরঞ্জামের ছবি পোস্ট করে আকবরের সঙ্গে চুক্তির বার্তাটি দেয়।
টি-টোয়েন্টি ফরম্যাটে আকবর আলির পরিসংখ্যান বেশ আশাব্যঞ্জক। এখন পর্যন্ত ৮৬টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি ১৩০.৬৭ স্ট্রাইক রেটে ১ হাজার ১৮০ রান সংগ্রহ করেছেন। একজন কার্যকরী ব্যাটারের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবেও তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
উল্লেখ্য, এবারের এনপিএলে আকবর আলি ছাড়াও বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান অংশ নেবেন। তাকে দলে ভিড়িয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স। আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। কাঠমান্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে এবং মোট ৮টি দল এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে।
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ২৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ২৬





























