রাজা চার্লসের অনুষ্ঠানে যেতে বাধ্য করা হলো বাদ পড়া ৭ পাকিস্তানি ক্রিকেটারকে
- আপডেট সময় : ০৮:৫১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

পাকিস্তান ক্রিকেট দলের ইংল্যান্ড সফর নিয়ে বিতর্ক যেন থামছেই না। সিরিজের প্রথম দুই টেস্টে হারের পর দল থেকে সাত ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে চারদিকে চলছে তীব্র সমালোচনা। এর মধ্যেই ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের লন্ডনে ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে বাধ্য করা হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল ক্ল্যারেন্স হাউসে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আশঙ্কা করছিল, সফরকারী দলের নিয়মিত খেলোয়াড়দের অনেকে দেশে ফিরে যাওয়ায় এবং নতুন খেলোয়াড়দের সবাই এখনো ইংল্যান্ডে না পৌঁছানোয় উপস্থিতি কম হতে পারে। এই বিব্রতকর পরিস্থিতি এড়াতেই বাদ পড়া ক্রিকেটারদের সেখানে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়।
দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, পরিস্থিতিটি ক্রিকেটারদের জন্য বেশ অস্বস্তিকর ছিল। বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে আলী উসমান, আমের জামাল, খুররম শেহজাদ ও আওয়াইস জাফর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে সিরিজের মাঝপথে দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে একজন ক্রিকেটার অনুষ্ঠানে যেতে অস্বীকৃতি জানিয়েছেন, যার নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।
অনুষ্ঠানে রাজা চার্লস খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং মাঠ ও মাঠের বাইরের কঠিন সময়ে পাকিস্তান দলকে উৎসাহ দেন। অনুষ্ঠানে অধিনায়ক বাবর আজম রাজাকে স্বাক্ষর করা ব্যাট উপহার দেন। পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও রাজা চার্লসকে উপহার প্রদান করেন। সাধারণত ইংল্যান্ড সফরে যাওয়া ক্রিকেট দলগুলোকে রাজপরিবারের সদস্য অথবা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয়ে থাকে।





























