এমবাপ্পেকে অপহরণের ভয়াবহ পরিকল্পনা: কারাগার থেকে নিয়ন্ত্রিত চক্র
- আপডেট সময় : ০৮:৪৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

ফুটবলার, র্যাপার এবং বিত্তশালী ব্যক্তিদের টার্গেট করে একটি ভয়াবহ অপহরণ ও হামলার পরিকল্পনার কথা জানা গেছে। ফরাসি আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে বেরিয়ে এসেছে যে, এই অপরাধমূলক নেটওয়ার্কটি কারাগারের ভেতর থেকেই পরিচালিত হচ্ছিল। বর্তমানে সশস্ত্র ডাকাতি ও মানব পাচারের দায়ে ভিলপেন্ট কারাগারে সাজা ভোগ করছেন ১৮ বছর বয়সী এক ফরাসি-সুইস তরুণ, যার নাম ক্লিমেন্ট এল.।
তদন্তকারীদের ধারণা, কারাগারের ভেতরে বসেই ‘লেস্টার জেড.’ ছদ্মনামে স্ন্যাপচ্যাট ব্যবহার করে ক্লিমেন্ট এই পুরো অপরাধ কর্মকাণ্ড সমন্বয় করছিলেন। গত এপ্রিলে নুই-সুর-সেন এলাকায় এক ঘড়ি ব্যবসায়ীর ওপর হামলার ঘটনার তদন্ত করতে গিয়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কথিত নেটওয়ার্কের সন্ধান পায়। পরবর্তী সময়ে সন্দেহভাজনের সঙ্গে যুক্ত থাকা কয়েকটি মোবাইল ফোন পরীক্ষা করে তদন্তকারীরা বিভিন্ন ব্যক্তির ঠিকানা ও ব্যক্তিগত তথ্যের তালিকা উদ্ধার করেছেন।
তদন্তে উঠে আসা ব্যক্তিদের তালিকায় গায়ক, ফুটবলার ও বিত্তশালী ব্যবসায়ীদের নাম রয়েছে। তবে এই তালিকার সবচেয়ে আলোচিত নামটি হলো তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। সংবাদমাধ্যম লা পারিজিয়েন-এর তথ্য অনুযায়ী, বিচারিক সূত্রের দাবি, সন্দেহভাজন ব্যক্তি একজন র্যাপার এবং ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে অপহরণের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছিল। এছাড়া প্যারিসের ১৯তম অ্যারোঁদিসমঁর এক চীনা ব্যবসায়ী, এক গহনা ব্যবসায়ী এবং ভাল-দোয়াজ বিভাগের এক তুর্কি পাইকারি বিক্রেতার নামও সেই তালিকায় পাওয়া গেছে বলে জানা গেছে।





























