নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১,১২৭, নিখোঁজ হাজারো
- আপডেট সময় : ১০:৩২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

নেপালের ভোটেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পুলিশ সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এই তথ্য নিশ্চিত করেছে। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নেপালের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বন্যার উৎপত্তিস্থল রাসুয়া জেলা থেকে ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া সবচেয়ে বেশি ৩৪৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে চিতাওয়ান থেকে। অন্যান্য জেলার মধ্যে নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭টি, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০টি, নুয়াকোট থেকে ১৫৫টি, গোর্খা থেকে ৬৬টি, ধাদিং থেকে ৫৯টি এবং তানাহুন থেকে ৩৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও ৯টি মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে ইতোমধ্যে ১ হাজার ১১৩টির ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। এর মধ্যে ৯৫টি মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ৯১১টি মরদেহের বিস্তারিত তথ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যাতে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনকে শনাক্ত করতে পারেন।
বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার অভিযানের পাশাপাশি ত্রাণ বিতরণ এবং মরদেহ সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজ তদারকি করছেন। দুর্গত এলাকা থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৫৪১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো ৪ হাজার ৮৫৮ জন মানুষ নিখোঁজ রয়েছেন।
গত বুধবার সকালে পাহাড়ি ঢল ও প্রবল স্রোতের সঙ্গে বড় বড় পাথর নিচু এলাকায় নেমে আসায় এই ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়। দুর্যোগের ছয় দিন পেরিয়ে গেলেও এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় তাদের বেঁচে থাকা নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে। এদিকে নতুন করে বন্যার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করে যান চলাচল স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ যৌথভাবে কাজ করছে।




























