বার্সার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন তরুণ ইয়ামাল
- আপডেট সময় : ১০:৪৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

ক্যাম্প ন্যুতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। ম্যাচের ১২ মিনিটে সের্হিও ক্যামেলোর গোলে রায়ো এগিয়ে গেলেও, ১৯ মিনিটে রাফিনিয়া এবং ২১ মিনিটে লামিনে ইয়ামালের গোলে ম্যাচে ফেরে কাতালান ক্লাবটি। শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে রাফিনিয়া ও ইয়ামাল দুজনেই দুটি করে গোল করেছেন এবং রায়ো ডিফেন্ডার ফ্লোরিয়ান লেজেউন একটি আত্মঘাতী গোল উপহার দিয়েছেন। অন্যদিকে, রায়োর হয়ে ক্যামেলো আরও একটি গোল করলেও তা কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে।
এই ম্যাচে গোল করার মাধ্যমে স্পেনের পেশাদার ফুটবলের ইতিহাসে অফিসিয়াল ক্লাব প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ হিসেবে ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন লামিনে ইয়ামাল। ১৯ বছর ৪৯ দিন বয়সে এই রেকর্ড গড়ার পথে তিনি পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রাউল গঞ্জালেসকে, যিনি ১৯ বছর ২৪৯ দিন বয়সে এই মাইলফলক ছুঁয়েছিলেন। এছাড়া আতলেতিকো মাদ্রিদের হয়ে ২০ বছর ২২১ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন ফার্নান্দো তোরেস।
বার্সেলোনার ইতিহাসে এত দিন এই রেকর্ড ছিল প্রয়াত সাবেক ফরোয়ার্ড জোসেফ এসকোলার দখলে। ১৯৩৫ সালের ২০ অক্টোবর কাতালান আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ২০ বছর ৩৫৬ দিন বয়সে তিনি ৫০ গোলের দেখা পেয়েছিলেন। এছাড়া কিংবদন্তি লিওনেল মেসি ২১ বছর ১২০ দিন বয়সে বার্সার হয়ে ৫০ গোল পূর্ণ করেছিলেন।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ইয়ামালের সমসাময়িক তারকাদের মধ্যে কিলিয়ান এমবাপ্পে ১৯ বছর ২৪১ দিন এবং আর্লিং হলান্ড ২০ বছর ১৯৬ দিন বয়সে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। তাদের দুজনকেই বয়সের দিক থেকে পেছনে ফেলেছেন ইয়ামাল। সব মিলিয়ে বার্সার হয়ে ১৫৪ ম্যাচে ৫১ গোল করেছেন ইয়ামাল, যার মধ্যে ১২৬টি ম্যাচ খেলেছেন প্রথম একাদশে। গোল করার পাশাপাশি ৪৫টি গোল করিয়েছেন তিনি, অর্থাৎ প্রতি ১১৯ মিনিটে একটি গোলে অবদান রেখেছেন এই তরুণ উইঙ্গার।





























