যুক্তরাষ্ট্রে আটক হননি এএফএ সভাপতি, দাবি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের
- আপডেট সময় : ১০:০০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে যুক্তরাষ্ট্রে আটক বা জিজ্ঞাসাবাদের খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সংস্থাটি। গত বুধবার এএফএ এক বিবৃতিতে জানায়, সংবাদমাধ্যমে প্রকাশিত এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা। এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছিল যে, বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর জাতীয় দলের সঙ্গে দেশে ফেরার পথে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে তাঁদের আটক করা হয়।
প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছিল যে, এএফএর আন্তর্জাতিক চুক্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মার্কিন কর্তৃপক্ষ তাঁদের আটক করে ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে এবং আদালতে হাজির হওয়ার সমন জারি করেছে। তবে এএফএ এই দাবিগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে। সংস্থাটির একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, পুরো খবরটিই ভিত্তিহীন। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
তবে এএফএ স্বীকার করেছে যে, ফ্লোরিডার ডিস্ট্রিক্ট আদালত ‘তৃতীয় একটি পক্ষকে’ লক্ষ্য করে একটি সমন জারি করেছে। সংস্থাটির ভাষ্যমতে, ওই ব্যক্তিকে গ্র্যান্ড জুরির সামনে হাজির হয়ে ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সংশ্লিষ্ট নথি ও যোগাযোগের তথ্য উপস্থাপন করতে বলা হয়েছে।
২০১৭ সাল থেকে এএফএর নেতৃত্বে রয়েছেন ক্লদিও তাপিয়া। এর আগেও আর্জেন্টিনায় মানি লন্ডারিং ও কর ফাঁকির অভিযোগে সংস্থাটি বিভিন্ন তদন্তের মুখোমুখি হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের প্রশাসনের সঙ্গেও এএফএর সম্পর্কের টানাপোড়েন চলছে, বিশেষ করে দেশের ক্লাবগুলোকে বেসরকারীকরণের মিলেইয়ের পরিকল্পনার কড়া বিরোধিতা করছেন তাপিয়া।




























