আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির নতুন চেয়ারম্যান বিসিবি সভাপতি
- আপডেট সময় : ১১:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভা শেষে এই নতুন দায়িত্বের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বৈশ্বিক ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর নীতি নির্ধারণ, সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কাজ করবে এই কমিটি।
কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নামিবিয়া ক্রিকেট বোর্ডের ড. রুডি ভ্যান ভুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।
একই সভায় আইসিসি আরও একটি নতুন উপ-কমিটি গঠন করেছে। গভর্ন্যান্স রিভিউ কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিসিসিআইয়ের দেবজিত সাইকিয়াকে। এই কমিটির অন্য সদস্যরা হলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ড. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ড. রোজ রিভাজ।
বৈঠকে বিসিবি সভাপতিকে বাংলাদেশের ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আইসিসি। এছাড়া মরিশাসকে আইসিসির ১১১তম সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ক্যারিবীয় ক্রিকেটকে সহায়তার লক্ষ্যে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ প্রদানের অনুমোদন দিয়েছে আইসিসি বোর্ড।
কানাডা ক্রিকেট বোর্ডের স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে, যা পূরণ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। শ্রীলঙ্কা ক্রিকেটের সংবিধান সংস্কারের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছে আইসিসি। একই সঙ্গে আপাতত আইসিসি বোর্ড সভায় শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতিনিধিত্ব করার সুযোগও থাকছে না। এছাড়া সদস্যপদের শর্ত ভঙ্গের অভিযোগে ফ্রান্স ক্রিকেটকে ‘অন নোটিশ’-এ রাখার সিদ্ধান্তও অনুমোদন করা হয়েছে।























