বিশ্ব রোবট অলিম্পিয়াডে রাঙিয়ে এবার প্রশিক্ষকের ভূমিকায় আফিয়া হুমায়রা
- আপডেট সময় : ১১:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

বিশ্ব রোবট অলিম্পিয়াডের আন্তর্জাতিক মঞ্চে টানা দুই বছর সাফল্য পেয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন তরুণ রোবোটিক্স প্রতিভা আফিয়া হুমায়রা। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের এই শিক্ষার্থী তার দল ‘সাইবার স্কোয়াড’-এর নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা তুলে ধরেছেন। শুধু পদক জয়ই নয়, বর্তমানে তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের রোবোটিক্সের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কাজেও যুক্ত হয়েছেন।
তুরস্কের ইজমিরে অনুষ্ঠিত ২০২৪ সালের ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে (WRO) বড় পরীক্ষা ছিল আফিয়ার জন্য। বিশ্বের ৮৭টি দেশের ৫৬০টি দলের অংশগ্রহণে আয়োজিত এই আসরে আফিয়ার নেতৃত্বে ‘সাইবার স্কোয়াড’ ফিউচার ইনোভেটরস বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জ পদক অর্জন করে। সেবার বাংলাদেশ থেকে দুটি দল ব্রোঞ্জ পদক পেয়েছিল; যার অন্যটি ছিল সাদিয়া আনজুম পুষ্পর নেতৃত্বাধীন ‘চেইঞ্জ মেকার্স ২০২৪’। বিশ্বমঞ্চে পদকজয়ী বাংলাদেশের দুটি দলের নেতৃত্বেই ছিলেন নারী শিক্ষার্থী, যা দেশের গণমাধ্যমে বিশেষভাবে প্রশংসিত হয়।
এই সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫ সালের জাতীয় পর্বেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ‘সাইবার স্কোয়াড’। প্রায় ২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত জাতীয় আসরে ফিউচার ইনোভেটরসের জুনিয়র গ্রুপে স্বর্ণপদক জিতে আন্তর্জাতিক ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে দলটি। এরপর ২০২৫ সালের ২৬ থেকে ২৮ নভেম্বর সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস এক্সপোতে (Marina Bay Sands Expo) অনুষ্ঠিত আন্তর্জাতিক ফাইনালে অংশ নেয় বাংলাদেশের নয়টি দল। সেখানে আফিয়ার নেতৃত্বে ‘সাইবার স্কোয়াড’ ফিউচার ইনোভেটরসের জুনিয়র গ্রুপে নবম স্থান অর্জন করে রৌপ্য পদক লাভ করে。
আন্তর্জাতিক অঙ্গনে নিজের মেধার স্বাক্ষর রাখার পর আফিয়া এখন অন্যদের অনুপ্রাণিত করছেন। সম্প্রতি ক্র্যাব ও উইংস ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ROBOGENESIS: Igniting the Future of Robotics’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেখানে ক্র্যাব সদস্যদের সন্তানদের রোবোটিক্সের বিভিন্ন মৌলিক বিষয়, প্রকল্পভিত্তিক কাজ ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা দেন আফিয়া। প্রযুক্তি ও কোডিংয়ের জটিল জগৎকে সহজ করে তরুণদের এবং বিশেষ করে মেয়েদের এই পথে এগিয়ে আসার বার্তা দিচ্ছেন তিনি।





























