জামায়াতের ৩৪ এমপির বিদেশ সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল
- আপডেট সময় : ০৩:১৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর ৩৪ জন সংসদ সদস্য (এমপি) একসঙ্গে বিদেশ সফরে গেছেন। সফরকারী এই দলের অনেকের সঙ্গে পরিবারের সদস্যরাও রয়েছেন। সূত্র অনুযায়ী, মোট ৩৪ জন এমপির মধ্যে ২৫ জনই তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গেছেন। এছাড়া এই প্রতিনিধি দলে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরাসদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, সম্প্রতি জামায়াতে যোগ দেয়া সাবেক এমপি মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান এবং লেখক জিয়াউল হকও রয়েছেন।
দলীয় সূত্র ও সংশ্লিষ্টদের তথ্যমতে, ১৩ ও ১৪ই সেপ্টেম্বর দুই দফায় সফরকারী দলের সদস্যরা মালয়েশিয়ায় পৌঁছান। মালয়েশিয়া অবস্থানকালে জামায়াতের এই প্রতিনিধি দলটি দেশটির সাবেক শিক্ষামন্ত্রী ও কেদিলান রাকাইয়াতের আন্তর্জাতিক-বিষয়ক ব্যুরোর প্রধান মাসজলি মালিকের সঙ্গে সাক্ষাৎ করেন। গত ১৭ই সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই বৈঠকে সংস্কারপন্থি রাজনৈতিক দলগুলোর বৈশ্বিক চ্যালেঞ্জ, জনপ্রতিনিধিদের স্বচ্ছতা, সততা ও জবাবদিহি এবং অধ্যাপক জিয়াউদ্দিন সরদারের ‘পোস্ট-নরমাল টাইমস’ ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মালয়েশিয়ার পর জামায়াতের এমপিরা সিঙ্গাপুরে নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি পরিদর্শন করেন এবং সেখানে একটি সিম্পোজিয়ামে অংশ নেন। এরপর তারা ফিলিপাইন সফর করেন। সেখান থেকে বাহরাইন হয়ে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন শেষে আগামী ৩০শে সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
এমপিদের একসঙ্গে এই বিদেশ সফর নিয়ে রাজনৈতিক মহলে নানা কৌতূহল তৈরি হয়েছে। তবে বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, তারা একটি সংস্থার আমন্ত্রণে সফরে গিয়েছেন। এটি মূলত একটি স্টাডি ট্যুর ছাড়া আর কিছুই নয়। জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এটি দলীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের একটি অংশ।




























