মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের
- আপডেট সময় : ০৩:৪৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার শ্রমবাজার একটি সিন্ডিকেট ও ফ্যাসিস্টের হাতে তুলে দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। সরকারের একটি মহল দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ক্ষতিগ্রস্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করেছে দলটি। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেমিট্যান্স যোদ্ধারা নিজের পরিবারের সচ্ছলতার পাশাপাশি দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখছেন। তাদের নিরাপদ কর্মপরিবেশ, হয়রানি বন্ধ এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের নৈতিক দায়িত্ব। তিনি অভিযোগ করেন, সম্প্রতি সরকারের একটি অসাধু চক্র বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সিকে সিন্ডিকেটের আওতায় এনে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, যা বায়রার সাধারণ সদস্যদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মাত্র দুদিন আগে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার ২৫টি রিক্রুটিং এজেন্সিকে শ্রমিক পাঠানোর সুযোগ দেওয়ার মাধ্যমে কার্যত সিন্ডিকেটভিত্তিক ব্যবস্থা পুনরায় চালু করেছে। অতীতেও এমন সীমিত এজেন্সির সিন্ডিকেটের কারণে সাধারণ শ্রমিকরা অতিরিক্ত অর্থ ব্যয়ের শিকার হয়েছেন এবং হাজার হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবারও একজন শ্রমিকের মালয়েশিয়া যেতে ছয় থেকে সাত লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন জামায়াত নেতা, যা সাধারণ পরিবারের জন্য বড় বোঝা।
বাংলাদেশে দুই হাজারের অধিক বৈধ রিক্রুটিং এজেন্সি থাকা সত্ত্বেও কেন মাত্র ২৫টি এজেন্সিকে সুযোগ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, এই সিন্ডিকেট ভাঙতে বায়রার সদস্য ও অভিজ্ঞ রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য সমান সুযোগ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। অবিলম্বে জনস্বার্থ পরিপন্থী কার্যক্রম থেকে সরে এসে সাধারণ শ্রমিকদের স্বল্প খরচে বিদেশে যাওয়ার সুযোগ সৃষ্টির জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।




























