ইনসাফের কথা বলে অপকর্ম ঢেকে রাখা যায় না: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

- আপডেট সময় : ১০:০০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, কেবল ইনসাফ ও কল্যাণের বুলি আওড়ালেই হবে না, বরং প্রতিটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড জনগণের নিকট জবাবদিহির আওতায় থাকা জরুরি। তিনি স্পষ্ট করে বলেন, ইনসাফের কথা বলে কোনো ধরনের অপকর্ম ঢেকে রাখা সম্ভব নয়।
রোববার (২৭ জুলাই) লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ্যানি বলেন, প্রথম সংসদ অধিবেশনে বিরোধী দলকে কিছু পরামর্শ দেওয়া হয়েছিল। এখন দ্বিতীয় অধিবেশনে তারা বক্তব্য দিচ্ছেন এবং বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছেন। তবে দেশপ্রেম, রাজনৈতিক পরিপক্বতা এবং জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যেভাবে উপস্থাপন করা প্রয়োজন, সে ব্যাপারে তিনি আশাবাদী নন বলে উল্লেখ করেন।
বাংলাদেশে বিএনপির পাশাপাশি আরও অনেক রাজনৈতিক দল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসন দেশের মানুষ দেখেছে, তাই এ বিষয়ে নতুন করে কিছু বলার অবকাশ নেই। এ সময় দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যাতে কেউ কষ্ট পান বা আহত হন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান। অনুষ্ঠানে সংগঠনের নেতা-কর্মী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।



























