সিরাজদিখানে ধর্ষণ মামলায় উপসহকারী কৃষি কর্মকর্তা সাঈদ আলী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৪৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. সাঈদ আলী নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাঈদ আলী সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছিল।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার আশুলিয়া থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার আসামি হলেন সাঈদ আলী। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা তার দল নিয়ে সিরাজদিখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যান।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, প্রায় দুই মাস আগে সাঈদ আলী এই কার্যালয়ে যোগদান করেন। সোমবারও নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি অফিসে উপস্থিত ছিলেন। পরে পুলিশ সদস্যরা এসে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তথ্য উপস্থাপন করেন এবং একপর্যায়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যান।
























