সৌদির যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান ও তুরস্ক?
- আপডেট সময় : ০৮:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ইয়েমেনে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের চলমান সামরিক সংঘাতে পাকিস্তান ও তুরস্কের সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রিয়াদের আহ্বানে সাড়া দিয়ে দেশ দুটির সামরিক বাহিনীর প্রধানরা জরুরি বৈঠকে যোগ দিতে সৌদি আরবে যাচ্ছেন। এর মধ্যেই সৌদি ভূখণ্ডে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বহুগুণ বেড়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার নিশ্চিত করেছে যে, দেশটির চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বাইরাকতারওগ্লু রিয়াদ সফর করবেন। আল জাজিরার তথ্য অনুযায়ী, পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনিরও খুব দ্রুত রিয়াদে পৌঁছাবেন। যদিও পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
গত কয়েক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুতিরা একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। বৃহস্পতিবার হুতিরা দাবি করেছে, তারা রিয়াদের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাইফ ও ইয়ানবুর দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। একই সঙ্গে মক্কা, জেদ্দা ও ইয়ানবুতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
এই উত্তপ্ত পরিস্থিতিতে গত ৭ আগস্ট স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিটি নতুন গুরুত্ব পেয়েছে। এই চুক্তি অনুযায়ী, সৌদি আরব, তুরস্ক বা পাকিস্তানের যেকোনো একটি দেশের ওপর হামলা হলে তা তিন দেশের ওপরই হামলা হিসেবে গণ্য করা হবে। গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সামরিক প্রধানদের এই জরুরি বৈঠকের বিষয়টি সামনে আসে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির আওতায় রিয়াদকে কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কয়েক দিন আগে জানিয়েছিলেন, চুক্তিতে জোটগত অঙ্গীকার রয়েছে এবং সৌদির সামরিক প্রয়োজনে তুরস্ক প্রস্তুত।
এদিকে হুতিরা পাকিস্তান ও তুরস্ককে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, যদি এই দুই দেশ যুদ্ধে সরাসরি যোগ দেয়, তবে তাদের 'লোহার মুষ্টি' দিয়ে মোকাবিলা করা হবে।



























