এশিয়ান গেমসে বাংলাদেশ আরচারি দলকে আয়োজকদের সতর্কবার্তা
- আপডেট সময় : ০৪:১৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে অংশগ্রহণের সময় আবাসন নিয়ে চরম ভোগান্তির মুখে পড়ে বাংলাদেশ আরচারি দল। দীর্ঘ বিমান ভ্রমণ শেষে ক্রুজে পৌঁছানোর পর রুম বরাদ্দ নিয়ে জটিলতা তৈরি হয়। আরচারি দলের কোচ মার্টিন ফ্রেডরিক সাধারণত সিঙ্গেল রুমে থাকতে অভ্যস্ত, কিন্তু সেখানে তাঁর জন্য আলাদা সিঙ্গেল রুমের ব্যবস্থা না থাকায় তিনি ক্ষুব্ধ হন। একই সময়ে দলের অন্যান্য আরচারদেরও আবাসন নিয়ে সমস্যায় পড়তে হয়। এই পরিস্থিতির এক পর্যায়ে আয়োজক কমিটির কর্মকর্তা ও ভলান্টিয়ারদের সঙ্গে বাংলাদেশ দলের সদস্যদের কথা কাটাকাটি হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়োজক কমিটির পক্ষ থেকে বাংলাদেশকে একটি সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্টদের ক্রুজ থেকে অপসারণ এবং নিজ ব্যবস্থাপনায় থাকার ব্যবস্থা করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংগঠনিক কমিটি তাদের শেফ দ্য মিশনকে চিঠিটি দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ দিতে পারবেন। মেজর ইমরোজ আহমেদ জানান, চিঠিতে কোনো ব্যক্তির নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। তিনি বলেন, 'ঘটনার ফুটেজ ও সংশ্লিষ্ট ব্যক্তির নাম জানতে চেয়ে আমি আরেকটি চিঠি দিয়েছি। তারা সেগুলো সরবরাহ করলে পরবর্তী পদক্ষেপ নিতে পারব। সুনির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার প্রমাণ ছাড়া তো কারও ব্যাপারে তদন্ত বা ব্যবস্থা নেওয়া যায় না।' তিনি বাংলাদেশ দলের পক্ষ থেকে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
তবে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর রায়হানের ভাষ্য ভিন্ন। তিনি বলেন, 'বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, সাংগঠনিক কমিটি কিংবা এশিয়ান আরচারি—কোনো সংস্থার পক্ষ থেকেই আমাদের এ বিষয়ে কিছু বলা হয়নি। আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।' তিনি আরও যোগ করেন, দীর্ঘ ভ্রমণের পর রুমের জন্য অপেক্ষা এবং রুম না পাওয়ার কারণে উচ্চস্বরে কথা বলা খুব একটা বাড়াবাড়ি নয়।
এদিকে, আয়োজকদের এই চিঠিকে ঘিরে ভিন্নমতও রয়েছে। অনেকের মতে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্দিষ্ট একটি ফেডারেশনকে কোনঠাসা করার উদ্দেশ্যে আয়োজকদের দিয়ে এই চিঠি ইস্যু করিয়েছে। এই সতর্কতামূলক চিঠি আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশ আরচারি দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।



























