বিএসএফের গুলিতে ঠাকুরগাঁওয়ের এক বাংলাদেশির মৃত্যু
- আপডেট সময় : ০৯:৫৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা আসাদুল হক (৩৮) ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার দিবাগত রাতে ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে তিনি গুলিবিদ্ধ হন। পরে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জের বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী বলেন, ভারতীয় গণমাধ্যমের খবরের মাধ্যমে তারা আসাদুল হকের মৃত্যুর বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন জানান, তারা ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশির মৃত্যুর খবরটি পেয়েছেন। তবে বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য দেওয়া হয়নি। সীমান্তে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় বিজিবির পক্ষ থেকে রবিবার পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।




























