কিয়েভে তিন দিনের হামলা স্থগিতের নির্দেশ দিলেন পুতিন
- আপডেট সময় : ০৮:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ইউক্রেনের রাজধানী কিয়েভে স্থানীয় সময় শনিবার মধ্যরাত থেকে তিন দিনের জন্য সামরিক হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই স্থগিতাদেশ শুধুমাত্র কিয়েভের জন্য প্রযোজ্য হবে, ইউক্রেনের অন্য কোনো অঞ্চলের জন্য নয়।
এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারের মস্কো সফরকে উল্লেখ করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার জন্য তারা রাশিয়ার রাজধানী সফর করছেন। ক্রেমলিনের মুখপাত্র আরও জানিয়েছেন, এই সাময়িক বিরতি কিয়েভে আমেরিকানদের যোগাযোগ ও বৈঠকের প্রস্তুতি এবং তা পরিচালনার সঙ্গে সম্পর্কিত।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার পুতিন মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এরপর স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের কিয়েভ সফরের পরিকল্পনা রয়েছে। এর আগে শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প উইটকফ ও কুশনারকে অত্যন্ত দক্ষ আলোচক হিসেবে উল্লেখ করে বলেছিলেন যে, তারা যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব নিয়ে যাচ্ছেন এবং এটি সফল হওয়ার একটি ভালো সম্ভাবনা রয়েছে।
এদিকে, শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভের কাছাকাছি দুটি বিমানবন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী বরিসপিল বিমানবন্দরটিও অন্তর্ভুক্ত রয়েছে।




























