ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
- আপডেট সময় : ০২:১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৯১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত চলা এ অভিযানে নগরীর বিভিন্ন থানায় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরীর বিভিন্ন বিভাগ থেকে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫৬ জন গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগ থেকে। এছাড়া তেজগাঁও বিভাগে ৫৯ জন, গুলশানে ৫৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, লালবাগে ৪১ জন, রমনায় ২০ জন এবং ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১টি বিদেশি রিভলবার, ১টি গুলি, ৪টি গুলির খোসা, ১০ হাজার ৭১টি ইয়াবা বড়ি, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, ১টি চায়নিজ কুড়াল, ১টি হাঁসুয়া, ১টি জিআই পাইপ, ১টি মনিটর, ১টি সিপিইউ এবং ৬টি মোবাইল ফোন।
এর আগের ২৪ ঘণ্টায়ও রাজধানীতে একই ধরনের অভিযান চালিয়েছিল ডিএমপি। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত সেই অভিযানে মোট ৫৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।





























