ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া
- আপডেট সময় : ০৫:৪৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

ইউক্রেনে হামলা চালাতে রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় রুশ হামলায় অন্তত ছয়জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। জেলেনস্কির দাবি, ওই হামলায় রাশিয়ার মিত্র উত্তর কোরিয়ার সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, প্রথমবারের মতো রাশিয়া উত্তর কোরিয়ার সহায়তা ছাড়া এই যুদ্ধ চালিয়ে যেতে পারছে না। তিনি সতর্ক করে বলেন, ইউক্রেন ও ইউরোপে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও সেনাদের যত বেশি ব্যবহার করা হবে, তারা নিজেদের সামরিক দুর্বলতা ও ঘাটতিগুলো সংশোধন করার তত বেশি সুযোগ পাবে। এই পরিস্থিতি কেবল ইউক্রেনের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্যই বড় ধরনের হুমকি সৃষ্টি করছে।
ভাষণে জেলেনস্কি পশ্চিম সাইবেরিয়ায় একটি রুশ পেট্রোকেমিক্যাল কারখানায় ইউক্রেনীয় বিমান হামলার কথা উল্লেখ করেন। এই হামলাকে ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য একটি "অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য" হিসেবে বর্ণনা করেন তিনি। রুশ সরকার ও দেশটির জনগণকে শান্তির প্রয়োজনীয়তা বোঝাতে ভবিষ্যতে রাশিয়ার আরও গভীর অঞ্চলে ইউক্রেন হামলা চালাবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
রাশিয়াকে উত্তর কোরিয়ার সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে জেলেনস্কির এমন অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগে গত সপ্তাহান্তেও তিনি সতর্ক করেছিলেন যে, রাশিয়ার ভূখণ্ড রক্ষার চলমান সামরিক অভিযানে অংশ নিতে উত্তর কোরিয়া থেকে প্রায় ৫০ হাজার সেনা পাঠানো হচ্ছে।
এদিকে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভোরোনেঝে ইউক্রেনের হামলায় দেশটির বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান 'ওয়াইল্ডবেরিজ'-এর কয়েকটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার 'অ্যামাজন' হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানের স্থাপনায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এর আগের দিন ইউক্রেন সীমান্ত থেকে ১ হাজার ১০০ কিলোমিটারেরও বেশি দূরে রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি শিশুসহ অন্তত ১৩ জন নিহত হন।



























