রংপুরে অকটেন কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৪:২৬:০২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

রংপুর মহানগরীতে পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় ও রংপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে মহানগরীর মাহীগঞ্জ এলাকার সাথমাথায় অবস্থিত মেসার্স ওমর আলী ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করা হয়। এ সময় দেখা যায়, প্রতি ১০ লিটার অকটেনে প্রতিষ্ঠানটি ৫৮০ মিলিলিটার করে তেল কম দিচ্ছে। পরিমাপে এমন কারচুপির প্রমাণ মেলায় ফিলিং স্টেশনটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুরের বিভাগীয় কার্যালয়ের মেট্রোলজি পরিদর্শক প্রকৌশলী মো. আহসান হাবীব।
বিএসটিআই কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ওজনে কম দেওয়া, ভেজাল প্রতিরোধ এবং পরিমাপে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।



























