দেশ গড়ার লক্ষ্যে ১৮ ঘণ্টা কাজ করছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

- আপডেট সময় : ১২:৩০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা পরিশ্রম করছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস’ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী সর্বদা চিন্তা করেন কী ধরনের কার্যকর পরিবর্তন আনলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তিনি নিজের কাজের মাধ্যমে ইতোমধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছেন। বর্তমান সরকার রাতারাতি সব সমস্যার সমাধান করতে পারবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। তবে তরুণদের মেধা, সামর্থ্য ও দেশপ্রেম ব্যবহার করে অসম্ভবকে সম্ভব করা সম্ভব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গৃহীত পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দেশ অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র ও তরুণদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে সাজানোর একটি সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে সুপরিকল্পিত উদ্যোগ ও শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন থেকে ফিরে আসার পর থেকেই দেশকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনার কথা বলেছিলেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি ইতিমধ্যে কাজ শুরু করেছেন।
তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই। জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক সংকটের মতো চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তরুণদের অদম্য আকাঙ্ক্ষা দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখায়। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশ অতীতে বহুবার প্রতিকূলতার মুখে পড়লেও প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে এবং এবারও সব বাধা অতিক্রম করে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নান।
বুধবার (২৯ জুলাই) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ডিসকোর্স ন্যাশনালস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।



























