ময়মনসিংহে ৭ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক ও ক্ষতিপূরণের দাবি
- আপডেট সময় : ০৬:১৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার সাতজন আরোহী নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার এক শোক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি পরিবারগুলোর এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক কামনা করেন।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিতে হবে। তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

























