বড়াইগ্রামে মাছ ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদাবাজি, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৪
- আপডেট সময় : ০৮:৫৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রামে এক মাছ ব্যবসায়ীকে জিম্মি করে ৩ লাখ ৬০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে এক বিএনপি নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার চৌমুহন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চৌমুহন গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে ও বিএনপি নেতা মো. রুবেল হোসেন ওরফে ফ্রান্স রুবেল (৪০), একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে হারুন অর রশিদ (৩২), এবং চরগোবিন্দপুর গ্রামের জিয়াউদ্দিন আহমেদের দুই ছেলে সাগর আহম্মেদ ওরফে সোহান হোসেন (২৮) ও সোহাগ হোসেন (৩০)।
মামলার এজাহারের তথ্য অনুযায়ী, গত ৩০ আগস্ট মাছ ব্যবসায়ী আনিছুর রহমানকে মাছ কেনাবেচার কথা বলে চৌমুহন গ্রামে ডেকে নেওয়া হয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্ত ব্যক্তিরা অন্য সহযোগীদের সহায়তায় তাঁকে একটি বাড়িতে নিয়ে জিম্মি করেন। সেখানে তাঁকে মারধর করে প্রতি মাসে ৫০ হাজার টাকা এবং তাৎক্ষণিকভাবে ৭ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
একপর্যায়ে আসামিরা জোরপূর্বক ব্যবসায়ী আনিছুর রহমানের কাছ থেকে নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা চাঁদা হিসেবে কেড়ে নেন। পরবর্তীতে সেখান থেকে মুক্তি পেয়ে তিনি বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
এই মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা সাব্বাব হক সাবুর নাম উল্লেখ করা হয়েছে। তবে তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ২০:৪৮ মিনিটে এই খবরটি প্রথম প্রকাশ করা হয়।


























