রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল ইসলাম
- আপডেট সময় : ১২:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর স্মৃতিবিজড়িত ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটে রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সফর করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটের দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরের অংশ হিসেবে বেলা ১১টা ৫০ মিনিটে মোটর শোভাযাত্রা সহযোগে তিনি সিলেট সার্কিট হাউজে উপস্থিত হন।
নির্ধারিত সূচি অনুযায়ী, সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণের পর দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর দুপুর ১টা ২৫ মিনিটে তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হবেন। বিকেলে সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। অনুষ্ঠান শেষে সার্কিট হাউজে অবস্থান করবেন এবং রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।
রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, সফরকালে এক হাজার পুলিশ সদস্যের পাশাপাশি অতিরিক্ত ২০০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশের বিশেষ ইউনিটগুলোও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, পর্যটননগরী সিলেটের সৌন্দর্য যাতে রাষ্ট্রপতি উপভোগ করতে পারেন এবং প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রাষ্ট্রপতির সফরকে স্বাগত জানাতে সিলেট সিটি করপোরেশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং নাগরিক সংবর্ধনার মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হবে।




























