সূর্যের আলোতেই চলবে সানকার, ২৫ টাকার বিদ্যুতে ৮০ কিলোমিটার বাইক
- আপডেট সময় : ০৫:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

রাজধানীর নভোথিয়েটার প্রাঙ্গণে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ দেশীয় প্রযুক্তিতে তৈরি বেশ কিছু উদ্ভাবন প্রদর্শিত হয়েছে। এর মধ্যে অটোরিকশার আদলে তৈরি তিন আসনের পরিবেশবান্ধব বাহন ‘সানকার’ দর্শনার্থীদের নজর কেড়েছে। বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) অটোমোবাইল বিভাগের উদ্ভাবিত এই চার চাকার বাহনের ছাদে ৪০০ ওয়াট এবং পেছনে ২০০ ওয়াটের সৌরপ্যানেল রয়েছে। দিনের বেলায় সূর্যের আলোতে এটি চলার পাশাপাশি বাড়তি বিদ্যুৎ ব্যাটারিতে জমা রাখে, যা দিয়ে রোদ না থাকলেও চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত গাড়িটি চালানো সম্ভব। বর্তমানে এর প্রোটোটাইপ তৈরিতে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা খরচ হয়েছে এবং ভবিষ্যতে মডেল পরিবর্তনের মাধ্যমে ছোট পরিবারের উপযোগী গাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে উদ্ভাবকদের।
মেলায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষকরা একটি সাশ্রয়ী ইলেকট্রিক বাইকের মোটর প্রদর্শন করেছেন। পুরোনো ৪৪০ ভোল্টের ইন্ডাকশন মোটরকে ৬০ ভোল্টে রূপান্তর করে এবং স্থানীয় কপার কয়েল ব্যবহার করে মাত্র ১৫ হাজার টাকা খরচে এই মোটর তৈরি করা হয়েছে। গবেষকদের দাবি, মাত্র ৩০ মিনিট ফাস্ট চার্জে বাইকটি ৮০ কিলোমিটার পথ চলতে পারবে এবং এই দূরত্বের জন্য বিদ্যুৎ খরচ হবে আনুমানিক ২৫ টাকা। বাণিজ্যিকভাবে উৎপাদনে গেলে বাইকটির দাম ৮০ থেকে ৮৫ হাজার টাকার মধ্যে রাখা সম্ভব বলে জানিয়েছেন গবেষক ইমতিয়াজ আবেদিন।
এছাড়া মেলায় ইন্টারসেপ্টর ব্যাগ্রো লিমিটেড ‘উল্কা’ নামের একটি অ্যান্টি-ড্রোন ইন্টারসেপ্টর প্রদর্শন করেছে। ড্রোন শনাক্ত করে সেটিকে প্রতিহত করার এই প্রযুক্তিটি বর্তমানে ১ হাজার ৫০০ ফুট দূরত্বের লক্ষ্যবস্তুকে কার্যকরভাবে অনুসরণ করতে পারে। মেলায় প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে এবং তিন দিনব্যাপী এই মেলাটি পরিচালনা করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

























