দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৫:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উপস্থাপিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। খুন, ছিনতাই ও অপহরণের মতো অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ তাদের তৎপরতা জোরদার করেছে। জুলাই বিপ্লব পরবর্তী ভঙ্গুর দশা থেকে পুলিশের মনোবল ফিরিয়ে এনে তাদের পূর্ণ শক্তিতে কাজ করার উপযোগী করে তোলা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে এবং জনগণের সহায়তায় দ্রুততম সময়ে আরও দৃশ্যমান অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিআর বিদ্রোহ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় ৬ হাজার ২৮৬ জনকে চাকরিচ্যুত এবং ২ হাজার ৫১০ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এসব শাস্তি দেওয়া হয়েছে এবং নিরপরাধ কাউকে চাকরিচ্যুত করা হয়নি বলে পুনর্বহালের কোনো সুযোগ নেই।
রাজধানীর নিরাপত্তা নিয়ে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা শহরকে সিসিটিভি মনিটরিংয়ের আওতায় আনতে 'ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি' প্রকল্পটি এডিপির অননুমোদিত তালিকায় রয়েছে। প্রকল্পটি একনেকে অনুমোদিত হলে পুরো ঢাকা মেট্রোপলিটন এলাকায় সিসিটিভি নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
মাদকবিরোধী অভিযানের তথ্য দিয়ে তিনি জানান, ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত সারাদেশে ৬০ হাজার ৫৯৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১৮ হাজার ৪০টি মামলায় ১৮ হাজার ৮৫৮ জন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী ডাবল ডেকার বা স্লিপার বাসের বিষয়ে তিনি বলেন, বিআরটিএ’র তথ্যমতে ৮২৯টি বাসের বৈধ অনুমতি থাকলেও কিছু অসাধু মালিক বাসের ধরন পরিবর্তন করে স্লিপার বাসে রূপান্তর করেছে। মোবাইল কোর্টের মাধ্যমে এমন বেশ কিছু বাসের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।
সংসদে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রতি বছর গড়ে ১৫ হাজারের বেশি মানুষ নদী ভাঙনে বাস্তুচ্যুত হয়। এছাড়া শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী দেশে মোট শ্রমশক্তি ৭১.৭১ মিলিয়ন, যার মধ্যে বেকারত্বের হার ৩.৬৬% এবং প্রতি বছর গড়ে ১৩.৬ লাখ মানুষ কর্মক্ষেত্রে প্রবেশ করছে।



























